এক শতাব্দীর পুরনো গাণিতিক রহস্যের সমাধানে এআই ও জ্যামিতির মেলবন্ধন

বিখ্যাত ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের উদ্ভাবিত ‘রজার্স–রামানুজন অভেদ’ গত এক শতাব্দীরও বেশি সময় ধরে গণিতবিদদের কাছে একটি রহস্যময় ধাঁধা হয়ে ছিল। সংখ্যাতত্ত্বের এই বিশেষ নিয়মে দুটি ভিন্ন গাণিতিক প্রক্রিয়ার ফলাফল আশ্চর্যজনকভাবে একই হয়। দীর্ঘ সময় ধরে গবেষকরা এর অন্তর্নিহিত বৃহত্তর কাঠামো খোঁজার চেষ্টা করেছেন। সম্প্রতি ইফেং হুয়াং, আলেক্সেই ওব্লোমকভ এবং কেন ওনোসহ একদল গণিতবিদ এই রহস্যের মূলে জ্যামিতি ও গাণিতিক ‘গিঁট তত্ত্বের’ এক চমৎকার সম্পর্ক খুঁজে পেয়েছেন।
এই গবেষণায় গণিতবিদরা সংখ্যার সূত্রের সঙ্গে ম্যাট্রিক্স ও বক্ররেখার জ্যামিতিক বিন্যাসকে যুক্ত করেছেন। গবেষকদের মতে, নির্দিষ্ট কিছু বক্ররেখার সমাধান করতে গিয়ে এমন সব গাণিতিক অভেদের দেখা মেলে, যা আগে অজানা ছিল। এই জটিল প্রমাণটি সম্পন্ন করতে তাঁরা ‘অ্যাক্সিওমপ্রুভার’ নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার সাহায্য নিয়েছেন। এআই ও মানুষের যৌথ প্রচেষ্টায় সাত মাসের গবেষণায় গণিতের পাঁচটি ভিন্ন শাখার সমন্বয়ে এই বিশাল গাণিতিক কাঠামোর প্রমাণ দেওয়া সম্ভব হয়েছে। এই উদ্ভাবন গণিতের নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি অসীমসংখ্যক নতুন অভেদের সন্ধান পাওয়ার পথ সুগম করেছে।
সূত্র: প্রথম আলো


