কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার গায়ক ও সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন

সংগীতশিল্পী ও সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার দুপুরে আর্থিক অনিয়মের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সল্টলেকের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে তলব করা হয়। দীর্ঘ চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দপ্তর থেকে বেরিয়ে আসার পরপরই পুলিশ তাঁকে হেফাজতে নেয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে পুলিশের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এই গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের প্রতিষ্ঠিত ‘মাস আর্ট’ নামক সংস্থার বিরুদ্ধে দুর্গাপূজার ডোনার পাস বিক্রির মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারী জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের ভাষ্যমতে, ইউনেসকোর নাম ও লোগো ব্যবহার করে সংস্থাটি প্রতারণা করেছে। মূলত ইউনেসকোর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও সংস্থাটি নিজেদের অংশীদার দাবি করে মোটা অঙ্কের বিনিময়ে পাস বিক্রি করে আসছিল। গত তিন বছরে লক্ষাধিক ডোনার পাস বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ এই অর্থ আত্মসাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর আগে এই ঘটনার জেরে ইন্দ্রনীল সেনের বাসভবন ও খামারবাড়িতে ইডি তল্লাশি চালায় এবং তিনি গ্রেপ্তারি এড়াতে উচ্চ আদালতে আইনি সুরক্ষা পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
সূত্র: প্রথম আলো
