ইলন মাস্কের বুদ্ধিমত্তার প্রশংসায় পুতিন, নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে রাশিয়া

মস্কোতে আয়োজিত এক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধনকুবের ইলন মাস্কের উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, স্পেসএক্স প্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। মূলত ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের অভাবনীয় সাফল্য এবং এর প্রযুক্তিগত উৎকর্ষকে কেন্দ্র করেই পুতিন তাকে একজন ‘প্রতিভাবান’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।
একই সঙ্গে পুতিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে মস্কো নিজস্ব প্রযুক্তিতে একটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে। ‘রাসভেত’ (Rassvet) নামের এই প্রকল্পটির মাধ্যমে রাশিয়া মূলত স্টারলিংকের আদলে নিজস্ব কক্ষপথীয় নেটওয়ার্ক তৈরির দিকে এগোচ্ছে। ইউক্রেন যুদ্ধে সামরিক সুবিধা নিশ্চিত করতে এই মহাকাশ প্রযুক্তি ব্যবহারের লক্ষ্য নিয়ে রুশ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
