রকি পর্বতমালার হাইকিংয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গত সপ্তাহান্তে কলোরাডোর রকি পর্বতমালার দুর্গম এলাকায় হাইকিংয়ে গিয়ে নিখোঁজ হওয়া দুই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারী তুষারপাতের কবলে পড়ে তারা পথ হারিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর উদ্ধারকারী দল পশ্চিম অ্যাপোস্টল পর্বতের পাদদেশ থেকে তাদের মরদেহ খুঁজে পায়।
স্থানীয় শেরিফ কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ বছর বয়সী ক্যাডেন মাতসুদা এবং ২০ বছর বয়সী জ্যাকসন ডনলন হাইকিংয়ের জন্য পাহাড়ে গিয়েছিলেন। তবে তীব্র তুষারঝড় শুরু হলে তারা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন। ঘটনার পর ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে বুধবার বিকেলে অ্যাস্পেন থেকে প্রায় ১০০ মাইল দক্ষিণ-পূর্বের একটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


