কারাবন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবিতে সোচ্চার সিপিজে

আন্তর্জাতিক রাজনৈতিক বন্দী দিবস উপলক্ষে এশিয়ার বিভিন্ন দেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি এশিয়ায় কারাবন্দী সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সিপিজের তথ্যানুযায়ী, বর্তমানে বাংলাদেশে পাঁচজন সাংবাদিক কারাবন্দী অবস্থায় আছেন। এছাড়া চীন, মিয়ানমার, ভিয়েতনাম, ভারত, আফগানিস্তান ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে সাংবাদিক আটকের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
সিপিজে বলছে, সাংবাদিকতা কোনো অপরাধ নয়; তাই অবিলম্বে সাংবাদিকদের ওপর সব ধরনের নিপীড়ন ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। সংস্থাটির সর্বশেষ বার্ষিক জরিপ অনুযায়ী, বৈশ্বিক অস্থিরতা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার কারণে টানা পঞ্চম বছরের মতো বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। অনেক সাংবাদিককেই যথাযথ বিচারপ্রক্রিয়া ছাড়াই বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের প্রতি কঠোর অবস্থান নিয়েছে এই আন্তর্জাতিক সংগঠনটি।
সূত্র: প্রথম আলো


