
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর চারঘাট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ শাহিনুর রহমান সুজন-এর ওপর বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধি এবং অগ্রগামী উন্নয়ন সংস্থার পরিচালক সাংবাদিক মোঃ রবিউল ইসলাম।
সম্প্রতি চারঘাট এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একদল প্রতিহিংসাপূর্ণ দুর্বৃত্ত সাংবাদিক সুজনের ওপর এই হামলা চালায়। প্রকাশ্য দিবালোকে লাঠিপেটা ও অকথ্য ভাষায় গালিগালাজসহ তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই হামলায় সুজনের বাম ঠোঁট ফেটে যায় এবং পিঠ ও বুকে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এক যৌথ বিবৃতিতে অগ্রগামী উন্নয়ন সংস্থার পরিচালক সাংবাদিক মোঃ রবিউল ইসলাম বলেন:
একজন সংবাদকর্মী যখন জনস্বার্থে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংবাদ প্রকাশ করেন, তখন তাঁর ওপর হামলা মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর হামলা। এই ন্যাক্কারজনক ঘটনা প্রমাণ করে যে, অপরাধীরা আইন-কানুনকে তোয়াক্কা করছে না। আমরা সাংবাদিক সুজনের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অজ্ঞাতনামা ও চিহ্নিত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। চারঘাটসহ সারা দেশে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।
কোনো প্রকার রাজনৈতিক বা স্থানীয় প্রভাবমুক্ত হয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে।
বক্তব্যে আরও বলা হয়, গণমাধ্যমকে স্তব্ধ করার জন্য এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে সুশীল সমাজ ও সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। আমরা সাংবাদিক শাহিনুর রহমান সুজনের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি।
