জাপানের উপকূলে রেকর্ড গভীরতায় বিরল মাছের সন্ধান

প্রশান্ত মহাসাগরের তলদেশে গভীর সমুদ্র অনুসন্ধানে নেমে বিজ্ঞানীরা এক অভাবনীয় সাফল্যের দেখা পেয়েছেন। উত্তর প্রশান্ত মহাসাগরের জাপানি উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৩৩৬ মিটার বা ২৭ হাজার ফুটেরও বেশি নিচে একটি তরুণ স্নেলফিশের বিচরণ ক্যামেরাবন্দী করেছেন গবেষকরা। এর আগে এত গভীর সমুদ্রে কোনো মাছের অস্তিত্ব বা ভিডিওচিত্র ধারণ করা সম্ভব হয়নি, যা সামুদ্রিক জীববিজ্ঞানের ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।
গভীর সমুদ্রের অত্যন্ত প্রতিকূল ও উচ্চ চাপের পরিবেশে এই মাছটির টিকে থাকা বিজ্ঞানীদের বিস্মিত করেছে। সমুদ্রের তলদেশের গহীনে পরিচালিত এই বিশেষ গবেষণার অংশ হিসেবে স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে মাছটিকে শনাক্ত করা হয়। পানির এতো নিচে যেখানে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব, সেখানে এই স্নেলফিশের উপস্থিতি গভীর সমুদ্রের বাস্তুসংস্থান ও প্রাণীদের টিকে থাকার সক্ষমতা সম্পর্কে নতুন তথ্য যোগ করেছে।
সূত্র: সিএনএন
