জাপানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ প্রসারে প্রধানমন্ত্রীর পদক্ষেপকে রাষ্ট্রপতির সাধুবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের খুঁটিনাটি ও সফরের মাধ্যমে অর্জিত বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় চুক্তির বিষয়বস্তু সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাপানের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি এবং নতুন বিনিয়োগের সুযোগগুলো ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করবে। দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র: প্রথম আলো
