প্রবাসের শ্রমে ঘুচছে অভাব, পরিবারের স্বপ্নপূরণের সারথি ভোলার শরীফ

ভোলার দৌলতখানের মদনপুর চরের এক দরিদ্র জেলে পরিবারের বড় সন্তান মো. শরীফ। দিনমজুর বাবার সামান্য আয়ে পাঁচ সদস্যের সংসার চালানো যেখানে ছিল কঠিন চ্যালেঞ্জ, সেখানে পড়াশোনার খরচ জোগানো ছিল সুদূরপরাহত। তবে সব প্রতিকূলতাকে ডিঙিয়ে স্থানীয় আলোর পাঠশালা থেকে এসএসসি পাস করেন তিনি। উচ্চশিক্ষার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও পরিবারের টানাপোড়েন ও ভাইবোনদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের স্বপ্ন বিসর্জন দেন এই তরুণ। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে ২০২২ সালে পাড়ি জমান সৌদি আরবে।
বর্তমানে সৌদি আরবে চালক হিসেবে কর্মরত শরীফের উপার্জিত অর্থেই আজ ঘুরে দাঁড়িয়েছে তাঁর পরিবার। দীর্ঘদিনের অভাব কাটিয়ে এখন স্বচ্ছলতার মুখ দেখছে তারা। ছোট ভাইবোনেরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং পুরো পরিবারের ভরণপোষণ এখন শরীফের কাঁধেই। ছেলের এই অসামান্য ত্যাগ ও সাফল্যে গর্বিত বাবা মো. কামাল হোসেন জানান, আগে সংসার চালানো অসম্ভব হলেও এখন ছেলের পাঠানো টাকায় পরিবারের সবাই নিশ্চিন্তে জীবন কাটাচ্ছেন। শরীফের এই দৃঢ়তা ও দায়িত্ববোধ স্থানীয় পর্যায়ে অনুপ্রেরণা হয়ে উঠেছে।
সূত্র: প্রথম আলো


