
নিজস্ব প্রতিনিধিঃ খুলনার লবণচরা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা গাজী রফিক (৪৫), যিনি স্থানীয়ভাবে ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরার দশগেট এলাকায় নিজ বাড়ির অদূরে এ হামলার ঘটনা ঘটে।
নিহত রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা এবং রতন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পেছনের একটি খোলা স্থানে বসে ছিলেন রফিক। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
