নানা চড়ায়- উৎরায় বাধা- বিপত্তি পেরিয়ে অবশেষে বেলাবোতে মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত- তাহেরির দোয়া ও মাহফিল
রাজিব ভূইয়া, নরসিংদী প্রতিনিধিঃ

নানা বাধা, প্রতিবাদ ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে নরসিংদীর বেলাবোতে অনুষ্ঠিত হয়েছে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর ওয়াজ মাহফিল। তাঁকে প্রতিহত করার ঘোষণা ও মাহফিল বন্ধের বিরোধিতা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত প্রশাসনের সতর্ক অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় নির্ধারিত মঞ্চে বয়ান দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ যোহর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর ঈদগাহ মাঠে আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত ইসলামি সুন্নী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন মাওলানা গিয়াস উদ্দিন আত-তাহেরী।
তাঁর আগমনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় কাঙ্গালিয়া জামিয়া আমানিয়া রহমতপুর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার হোসেন চিশতী ও তাঁর অনুসারীদের বিরোধিতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাহেরীকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন পোস্ট ও প্রতিবাদ কর্মসূচির কথা জানানো হয়।
এতে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা তৈরি হয়।
পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। সব জল্পনা-কল্পনা ও উত্তেজনার মধ্যেই নিরাপত্তার মধ্য দিয়ে মাহফিলস্থলে পৌঁছান তাহেরী।
পরে উপস্থিত হাজারো মুসল্লির সামনে তিনি তাঁর বয়ান পেশ করেন।
মাহফিল শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তাহেরী লেখেন, ‘তাকে বলে দিও আমি এসেছিলাম।’


