জলবায়ু রক্ষায় নতুন কয়লা ও গ্যাস প্রকল্প বাতিলের আহ্বান আদিবাসী নেত্রীর

কপ সম্মেলনে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে কঠোর বার্তা দিয়েছেন আদিবাসী নেত্রী রিকি ড্যাঙ্ক। গুডানজি এবং ওয়াকায়া সম্প্রদায়ের এই প্রতিনিধি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের উচিত কেবল প্রতিশ্রুতি না দিয়ে জনগণের দাবিকে গুরুত্ব দেওয়া। তিনি সরাসরি নতুন কোনো কয়লা, তেল বা গ্যাস প্রকল্পের অনুমোদন না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বর্তমানে অস্ট্রেলিয়ার কয়লা ও গ্যাস রপ্তানি নীতির বিরুদ্ধে রিকি ড্যাঙ্ক জাতিসংঘের মানবাধিকার কমিটিতে একটি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক এই সম্মেলনে ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীকে এখন সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনার মানসিকতা তৈরি করতে হবে। জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্প পুরোপুরি বন্ধ করা এখন সময়ের দাবি বলে তিনি মনে করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান


