বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার হিসেবে যোগ দিলেন সৈয়দ তানভির হুসাইন

দেশের অন্যতম প্রধান মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক তাদের নেতৃত্ব পর্যায়ে নতুন একজনকে যুক্ত করেছে। ১ নভেম্বর প্রতিষ্ঠানটির নতুন চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ তানভির হুসাইন। টেলিযোগাযোগ, প্রযুক্তি এবং আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনের অভিজ্ঞতাসম্পন্ন তানভির হুসাইনের এই নিয়োগ, বাংলালিংককে একটি ডিজিটাল ও ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
পেশাগত জীবনে দুই দশকেরও বেশি সময় নির্বাহী পর্যায়ে দায়িত্ব পালনকারী তানভির এর আগে গ্রামীণফোন, এসিআই লিমিটেড এবং আবুল খায়ের গ্রুপের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন। সাংগঠনিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে তিনি দীর্ঘকাল ধরে সক্রিয় রয়েছেন। নতুন দায়িত্ব নিয়ে তিনি বাংলালিংকের কর্মীদের সক্ষমতা বাড়ানো, নেতৃত্বের গুণাবলী তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার বাড়িয়ে প্রতিষ্ঠানের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দেবেন বলে জানিয়েছেন। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা বাংলালিংকের কর্মসংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্র: প্রথম আলো


