রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতা বন্ধের আহ্বান গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের

দেশে চলমান অস্থিরতা ও রাজনৈতিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, ক্ষমতা দখলের অসুস্থ প্রতিযোগিতা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে আইনের শাসন ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
বিবৃতিতে নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বলে উল্লেখ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত দলের জড়িত থাকার অভিযোগ তুলে জড়িতদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জোটটি। এছাড়া, হত্যার জেরে বেন্দারচর এলাকায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনারও কড়া নিন্দা জানানো হয়। প্রতিশোধমূলক এই সহিংসতাকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন নেতারা। সেই সঙ্গে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্র: প্রথম আলো


