শিউলি ফুলের সাজে ৩৪তম জন্মদিন উদযাপনে মাতলেন পরীমনি

আজ ২৪ অক্টোবর জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির ৩৪তম জন্মদিন। বিশেষ এই দিনটিকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে। গতকাল শুক্রবার মধ্যরাতে দুই সন্তানের সঙ্গে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। আজ রাতে রাজধানীর পূর্বাচলের ‘সানসেট বিনস’ রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের নিয়ে ‘শিউলি-সন্ধ্যা’ শিরোনামে এক ঘরোয়া আড্ডার আয়োজন করেছেন এই তারকা।
শরৎকালের জন্মদিনের আমেজ ধরে রাখতে পরীমনি বেছে নিয়েছেন শিউলি ফুলের থিম। সিল্ক ও সাটিন কাপড়ে তৈরি কমলা রঙের শাড়িতে শিউলি ফুলের হাতে আঁকা নকশা ফুটিয়ে তুলেছেন তিনি নিজেই, যেখানে তাকে সহায়তা করেছেন রুহুল আমিন। ফুলহাতা সিকুইন ব্লাউজ ও ডায়মন্ড হাউসের গয়নায় নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী। তার এই বিশেষ দিনের সাজ সম্পূর্ণ করতে মেকআপের দায়িত্বে ছিলেন জাহিদ খান ব্রাইডাল মেকওভার। কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের থিম নিয়ে ভক্তদের সঙ্গে কৌতূহল ভাগ করে নিয়েছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো
