জর্জিয়ার অভিবাসন কেন্দ্রে অনশনরত বন্দির রহস্যজনক মৃত্যু, তোলপাড় সর্বত্র

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোকস্টনের 'ডি রে জেমস' অভিবাসন কেন্দ্রে এক বন্দির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন স্থানীয় ও ফেডারেল কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে ওই কেন্দ্রে আটক অভিবাসীরা মানবেতর জীবনযাপন ও দীর্ঘমেয়াদী কারাবাসের প্রতিবাদে অনশন পালন করছিলেন। এই মৃত্যুর ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন কেন্দ্রটির বিরুদ্ধে অনশনকারীদের জোরপূর্বক খাওয়ানোর হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
আটক ব্যক্তি, তার পরিবারের সদস্য এবং আইনজীবীদের দাবি, প্রতিকূল পরিবেশ ও দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তির দাবিতেই মূলত বন্দিরা খাদ্য গ্রহণ থেকে বিরত ছিলেন। তবে কর্তৃপক্ষের এমন আচরণের প্রতিবাদ করতে গিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই এই মৃত্যুর ঘটনাটি কেন্দ্রটির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় পর্যায়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মানবাধিকারকর্মী ও আইনজীবীরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান


