ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ কি শুধুই কল্পনা? নতুন গবেষণায় মিলল আকাশ দেখার যোগসূত্র

দীর্ঘদিন ধরে শিল্পবোদ্ধাদের ধারণা ছিল যে, ভিনসেন্ট ভ্যান গঘের অমর সৃষ্টি ‘দ্য স্টারি নাইট’ সম্পূর্ণভাবে শিল্পীর কল্পনাপ্রসূত। তবে দক্ষিণ কোরিয়ার কিউং হি বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিজ্ঞানীর সাম্প্রতিক গবেষণা এই ধারণায় নতুন মাত্রা যোগ করেছে। গবেষকরা জ্যোতির্বিজ্ঞান সফটওয়্যার ব্যবহার করে ১৮৮৯ সালের জুন ও জুলাই মাসের ভোরের আকাশের খণ্ডচিত্র পুনর্নির্মাণ করেন। তাদের দাবি, চিত্রকর্মটিতে ফুটে ওঠা চাঁদ, শুক্র গ্রহ এবং হাইয়াডেস তারাগুচ্ছের অবস্থান ১৮৮৯ সালের ২২ জুলাইয়ের ভোরের প্রকৃত আকাশের সঙ্গে অনেকাংশে মিলে যায়।
সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত এই গবেষণার বিপরীতে অবশ্য ভিন্নমত পোষণ করেছে আমস্টারডামের ভ্যান গঘ মিউজিয়াম। মিউজিয়াম কর্তৃপক্ষের মতে, বিশেষজ্ঞরা নিশ্চিত যে ছবিটি জুন মাসেই আঁকা হয়েছিল। এছাড়া ওই সময়ের পরবর্তী অংশে শিল্পীর তীব্র মানসিক অসুস্থতার কারণে দীর্ঘ বিরতি ছিল, যা গবেষণালব্ধ সময়সীমার সঙ্গে সাংঘর্ষিক। মিউজিয়ামের মুখপাত্রের দাবি, ভ্যান গঘ সবসময় হুবহু বাস্তব চিত্রের ওপর গুরুত্ব দিতেন না, তাই তারার অবস্থান দিয়ে শিল্পকর্মের সময়কাল নির্ধারণ করা কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে সংশয় থেকেই যায়।
সূত্র: প্রথম আলো
