তিন দশকে লারা ক্রফট: সাফল্যের আড়ালে লুকানো কিছু বিতর্কিত মুহূর্ত

ভিডিও গেমের দুনিয়ায় অপ্রতিদ্বন্দ্বী নাম ‘টুম্ব রেইডার’। গেমটির কেন্দ্রীয় চরিত্র লারা ক্রফট তিন দশক পূর্ণ করলেন। নব্বইয়ের দশকে আত্মপ্রকাশের পর থেকেই অ্যাথলেটিক দক্ষতা এবং প্রত্নতাত্ত্বিক জ্ঞানের সমন্বয়ে তিনি গেমিং জগতের এক আইকনিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। গত ৩০ বছরে বিশ্বজুড়ে এই ফ্র্যাঞ্চাইজির ১০ কোটিরও বেশি গেম বিক্রি হয়েছে। লারা ক্রফট কেবল গেমের জগতেই সীমাবদ্ধ থাকেননি, বরং নব্বইয়ের দশকের পপ সংস্কৃতির অংশ হয়ে উঠেছিলেন। ব্লকবাস্টার চলচ্চিত্র থেকে শুরু করে বড় বাজেটের রিবুট—প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের আধিপত্য বজায় রেখেছেন।
তবে লারার দীর্ঘ এই ক্যারিয়ারের পথচলা সবসময় মসৃণ ছিল না। সাফল্যের ঝকঝকে দিকগুলোর আড়ালে রয়েছে কিছু বিতর্কিত বা অদ্ভুত স্মৃতি। গেমের ইতিহাসে লারাকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন অসংগতি কিংবা অদ্ভুত গেমপ্লে মেকানিক্স ভক্তদের কাছে আজও আলোচনার বিষয়। দীর্ঘ ৩০ বছরের এই যাত্রায় চরিত্রটির বিবর্তনের পাশাপাশি বেশ কিছু ‘ডার্ক চ্যাপ্টার’ বা বিচিত্র অভিজ্ঞতাও যুক্ত হয়েছে। লারার জন্মদিনে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি সেই বিতর্কিত মুহূর্তগুলোকে পুনরায় ফিরে দেখার সময় এসেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


