হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোয়া গেলে যেভাবে পুনরুদ্ধার করবেন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অর্থ হলো আপনার ব্যক্তিগত তথ্য ও কথোপকথন সাইবার অপরাধীদের হাতে চলে যাওয়া। হ্যাকাররা আপনার পরিচয়ে পরিচিতজনদের কাছে আপত্তিকর বা অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠিয়ে বড় ধরনের বিপত্তি তৈরি করতে পারে। তবে আতঙ্কিত না হয়ে নিজের ফোন নম্বর ব্যবহার করেই অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। এজন্য হোয়াটসঅ্যাপ অ্যাপে লগ ইন অপশনে গিয়ে ফোন নম্বর ও এসএমএস বা কলের মাধ্যমে পাওয়া ছয় সংখ্যার যাচাইকরণ কোডটি সঠিকভাবে প্রদান করতে হবে। এই প্রক্রিয়ায় অ্যাকাউন্টটি সফলভাবে লগ ইন করলে অন্য ডিভাইসে থাকা হ্যাকারের সেশনটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
নিরাপত্তার খাতিরে যদি ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ পিন চাওয়া হয় এবং সেটি আপনার জানা না থাকে, তবে সাত দিন অপেক্ষা করার পর পুনরায় চেষ্টা করতে হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের বিড়ম্বনা এড়াতে নিয়মিত ব্যবহারের ফোন নম্বরটি হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত রাখা জরুরি। যদি নতুন সিম ব্যবহার করেন, তবে ‘চেঞ্জ ফোন নম্বর’ ফিচারের মাধ্যমে পুরোনো নম্বর পরিবর্তন করে নিতে হবে। নতুবা অ্যাকাউন্ট হারিয়ে গেলে তা উদ্ধারে জটিলতার সৃষ্টি হতে পারে।
সূত্র: প্রথম আলো
