সুদানে অস্থিরতা ও সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে জাতিসংঘে বিতর্ক

সুদানে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং মানবিক বিপর্যয়ের পেছনে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন নানামুখী অস্থিরতা বাড়ছে, তখন জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের জন্য আমিরাতের প্রতিনিধি লানা নুসেইবার নাম প্রস্তাব করা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সুদানের সাধারণ মানুষ ও বিভিন্ন মহল এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে।
লানা নুসেইবা বর্তমানে আমিরাতের একজন প্রতিমন্ত্রী এবং জাতিসংঘে দেশটির সাবেক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত তিন বছর ধরে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মিলিশিয়াকে সমর্থন ও অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে আমিরাতের বিরুদ্ধে। এই বাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধন, যৌন সহিংসতা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া, আন্তর্জাতিক ত্রাণ সহায়তার অবকাঠামো ব্যবহার করে দেশটিতে অস্ত্র পাচারের অভিযোগও উঠছে দেশটির বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে একজন বিতর্কিত ব্যক্তির সম্ভাব্য মনোনয়ন বিশ্বব্যাপী জাতিসংঘের মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান


