বর্ণিল আয়োজনে বান্দরবানে উদযাপিত প্রবারণা পূর্ণিমা

বান্দরবানের মারমা সম্প্রদায়ের মানুষ তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ’ বা প্রবারণা পূর্ণিমা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছেন। দিনটিকে ঘিরে পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। রাজগুরু বৌদ্ধবিহারে পুণ্যার্থীরা সমবেত হয়ে পঞ্চশীল গ্রহণ করেন এবং বিহারাধ্যক্ষর উদ্দেশে অন্নদান ও অর্থ উৎসর্গ করেন। প্রার্থনারত তরুণী থেকে শুরু করে পরিবারের সঙ্গে আসা ছোট্ট শিশু—সকলের অংশগ্রহণেই পূর্ণতা পেয়েছে এই উৎসব।
উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে বুদ্ধমূর্তি স্নান, প্রদীপ প্রজ্বালন, ফানুস ওড়ানো এবং ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা। সাঙ্গু নদীতে ভাসানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল এই রথ, যা আয়োজনে যোগ করেছে নতুন মাত্রা। এছাড়া ‘পোছোমা’ বা দেবতার মূর্তিকে ঘিরে ছিল বিশেষ আয়োজন। বিহারের আঙিনায় সাজিয়ে রাখা বুদ্ধমূর্তির সামনে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি নানা আনন্দ আয়োজনে মুখরিত ছিল গোটা এলাকা। অন্নদান শেষে হাতে হাওয়াই মিঠাই নিয়ে বাড়ি ফেরা শিশুর আনন্দই বলে দিচ্ছিল উৎসবের মাহাত্ম্য।
সূত্র: প্রথম আলো
