খুনের মামলা থেকে বাঁচতে এআই ব্যবহার করে নিজের ‘মৃত্যুর’ নাটক সাজালেন এক ব্যক্তি

উত্তর প্রদেশের এক ব্যক্তি হত্যার দায় এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে হাতিয়ার করে নিজের মৃত্যুর এক অভিনব ও ভুয়া কাহিনি তৈরি করেছিলেন। ২০১৬ সালে যোগেশ সিং নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলার আসামি রাজকুমার রাজভর আইনি প্রক্রিয়ার হাত থেকে রেহাই পেতে মৃত সেজেছিলেন। তিনি এআই প্রযুক্তির সহায়তায় নিজের শেষকৃত্যের নকল ছবি তৈরি করেন এবং চিতার ওপর মানবদেহের পরিবর্তে একটি ছাগলের ধড় দাহ করেন। এসব প্রমাণ দেখিয়ে তিনি স্থানীয় পৌরসভা থেকে মৃত্যুসনদও সংগ্রহ করেন এবং আদালতে তা জমা দিয়ে নিজেকে মৃত বলে ঘোষণা করার চেষ্টা চালান।
প্রায় দেড় বছর ধরে নিখোঁজ ও মৃত সেজে আত্মগোপন করে থাকলেও শেষ রক্ষা হয়নি। স্পেশাল অপারেশনস গ্রুপ ও পুলিশের যৌথ অভিযানে রোববার খাজা জাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্যমতে, আদালতে বিচারাধীন মামলার পাশাপাশি মানুষের কাছ থেকে নেওয়া বিনিয়োগের টাকা ফেরত দেওয়া থেকে বাঁচতেই তিনি এই জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে তাঁকে গ্রেপ্তারের পর পুনরায় হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: প্রথম আলো


