নারী নির্যাতনের মামলায় শীর্ষস্থানে বাংলার জনপ্রতিনিধিরা

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে ভারতের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নারীঘটিত অপরাধের উদ্বেগজনক চিত্র। দেশজুড়ে সংসদ সদস্য এবং বিধায়কদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের তালিকায় সবার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ৬৯ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সর্বোচ্চ। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে অন্ধ্র প্রদেশ ও ওড়িশা।
সমীক্ষা অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বোচ্চ ১০৬ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। এ ছাড়া ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ১৪ জন জনপ্রতিনিধির মধ্যে ২ জন লোকসভার সাংসদ এবং ১২ জন বিধায়ক রয়েছেন। এই পরিস্থিতি মোকাবিলায় এডিআর বেশ কিছু কঠোর সুপারিশ করেছে। সংস্থাটি অপরাধমূলক প্রেক্ষাপট থাকা ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, ধর্ষণের দায়ে অভিযুক্তদের আজীবন নির্বাচনী রাজনীতি থেকে দূরে রাখা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যকারী দলগুলোর ওপর আর্থিক জরিমানার দাবি জানিয়েছে।
সূত্র: প্রথম আলো


