আড়াই বছরের মধ্যে যুক্তরাজ্যে পণ্যের দাম বৃদ্ধির হার সর্বোচ্চ

যুক্তরাজ্যের বাজারে পণ্যের মূল্যস্ফীতি গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১ শতাংশে, যা আগের মাসে ছিল ১ দশমিক ৪ শতাংশ। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান ব্যয়ভার নিজেদের কাঁধে নিয়ে সাধারণ গ্রাহকদের ওপর এর প্রভাব কমানোর চেষ্টা করলেও, বর্তমান পরিস্থিতি সেই সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সংস্থাটির মতে, খুচরা বিক্রেতারা আর ক্রমবর্ধমান খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের জেরে জ্বালানি ও খাদ্যপণ্য তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা বাধ্য হয়েই পণ্যের বাড়তি মূল্য গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছেন। ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম সতর্ক করে জানিয়েছে, খুচরা পর্যায়ে মূল্য নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা এতদিন বজায় ছিল, তার বাঁধ এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
