নিজস্ব প্রতিবেদক পার্বতীপুর, দিনাজপুরঃ
দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) বিকালে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ মার্চ থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালের মাধ্যমে এই ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়।
এর আগে গত ১১ ও ২৩ মার্চ দুই দফায় একই প্রক্রিয়ায় আরও ১০ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছিল। এই নিয়ে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।
বুধবার দুপুর থেকেই আমদানিকৃত ডিজেল তালিকাভুক্ত ডিলারদের মাঝে বিতরণ শুরু হয়েছে। সরকার নির্ধারিত জ্বালানি তেলের সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও ডিপো খোলা রেখে তেল সরবরাহ অব্যাহত রাখা হবে বলে জানা গেছে।
ডিপোর সার্বিক নিরাপত্তা এবং তেল বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন করতে পার্বতীপুর ডিপোতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের সরাসরি তত্ত্বাবধানেই ডিলারদের মধ্যে তেল বিতরণের কাজ পরিচালিত হচ্ছে।
