মানবিক ইউএনও’র নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে আত্রাই উপজেলা’র চিত্র

Spread the love

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শূন্য থাকায় প্রশাসনিক স্থবিরতায় ভুগছিল আত্রাই উপজেলা। বিভিন্ন দফতরের কাজের গতি কমে যায়, সেবা প্রাপ্তিতে দেখা দেয় জটিলতা। তবে ২০২৫ সালের ৮ ডিসেম্বর ইউএনও হিসেবে শেখ মো. আলাউল ইসলাম যোগদানের পর বদলাতে শুরু করেছে উপজেলার প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমের চিত্র—এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

৮টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে নতুন ইউএনও দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে এসেছে। বিভিন্ন দফতরের সমন্বয় জোরদার, সেবা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিত তদারকির ফলে জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা পরিষদ চত্বরের পরিবেশ উন্নয়ন, খেলার মাঠ সংস্কার, লাইটিং ব্যবস্থার আধুনিকায়নসহ একাধিক অবকাঠামোগত উন্নয়নকাজ বর্তমানে বাস্তবায়নাধীন। এসব উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এসেছে দৃশ্যমান পরিবর্তন।

৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ইউএনও শেখ মো. আলাউল ইসলাম দায়িত্ব গ্রহণের পর শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে উদ্যোগ নেওয়ায় ইতিবাচক সাড়া মিলেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে একাধিক মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে ভেকু (খননযন্ত্র)। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে অনিয়ম অনেকাংশে কমেছে।

প্রশাসনিক কঠোরতার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও প্রশংসিত হয়েছে। ৩০ বছর সাজাপ্রাপ্ত রাহেলা বেগম ও স্থানীয় ফুটবলার তানভিরকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি উপজেলাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতার বার্তা দিচ্ছে।

উপজেলার বাসিন্দা মো. খয়বর আলী মণ্ডল, রেজুয়ান আব্দুল মালেক, মিজানুর রহমান ও মনোয়ার হোসেন জানান, নতুন ইউএনও দায়িত্ব নেওয়ার পর সেবার মান বেড়েছে এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। এমনকি ছুটির দিনেও তাকে অফিসে পাওয়া যায়, যা সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে।

এ বিষয়ে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন,
“দায়িত্ব পাওয়ার পর থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। দীর্ঘদিনের অনিয়ম দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দেওয়াই আমার লক্ষ্য।”

প্রশাসনিক গতিশীলতা, উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক উদ্যোগ—সব মিলিয়ে ইতিবাচক পরিবর্তনের ধারায় এগোচ্ছে আত্রাই উপজেলা। স্থানীয়দের প্রত্যাশা, এ ধারা অব্যাহত থাকলে উপজেলার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top