
কামাল পাশা,ক্রীড়া প্রতিবেদকঃ মালদ্বীপের মালেতে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। লড়াকু এই জয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এখন মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে নেপালকে কোণঠাসা করে রাখে বাংলাদেশ। খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে সপ্তম মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিলেন নাজমুল হুদা ফয়সাল। মুরশেদ আলীর পাস থেকে পাওয়া সেই সুযোগটি কাজে লাগাতে না পারলেও, গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।
খেলার ১১ মিনিটে মুরশেদ আলীর চমৎকার একটি ক্রস থেকে রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দুর্দান্ত হেডে বল জালে জড়ান মোহাম্মদ মানিক। এই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
এক গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল আজ ইস্পাত কঠিন। প্রথমার্ধের শেষ দিকে রোনান সুলিভান বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। বিরতির পর জয় আহমেদ ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও সংযোগের অভাবে গোলবঞ্চিত হয় দল।
অন্যদিকে, ভাগ্য সহায় ছিল না নেপালেরও। বিবেক খাড়কার একটি ফ্রি-কিক সাইড পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হারায় তারা।
ম্যাচের শেষ দিকে নেপাল অল-আউট আক্রমণে গেলেও বাংলাদেশের যুবারা অসাধারণ কৌশলগত পরিপক্কতা এবং ধৈর্য প্রদর্শন করে লিড ধরে রাখে। এই জয়ের মাধ্যমে ফাইনালে নিজেদের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ।
ছেলেরা মাঠের প্রতিটি সেকেন্ডে লড়াই করেছে। আমাদের লক্ষ্য এখন ফাইনাল এবং ট্রফি নিয়ে দেশে ফেরা।
আগামী শনিবার ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। সব বাধা পেরিয়ে এখন ট্রফি জয়ের অপেক্ষায় পুরো দেশ।

