দুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে বিরোধ: ইউপি চেয়ারম্যানকে মারধর, মোটরসাইকেল পুকুরে

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের তালিকা তৈরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। নওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আজাদ আলী সরদারকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামের বৌ-বাজার এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে সরকারি বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় গরিব ও অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের জন্য একটি তালিকা প্রস্তুত করছিলেন চেয়ারম্যান আজাদ আলী।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, আফাজ উদ্দিন এবং ছাত্রদল নেতা বিপ্লব হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি ওই তালিকায় তাদের পছন্দের ২৪০ জন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার জন্য চেয়ারম্যানকে চাপ দেন। এতে চেয়ারম্যান অস্বীকৃতি জানালে উত্তেজনার সৃষ্টি হয়।

আহত চেয়ারম্যান আজাদ আলী সরদারের দাবি, তিনি পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে হামলাকারীরা তাকে ঘেরাও করে বেধড়ক মারধর করে।

এ সময় চেয়ারম্যানের ব্যবহৃত মোটরসাইকেলটি কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়।

তার কাছে থাকা ভিজিএফ কার্ডের তালিকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।

ব্যাংকের চেকসহ নগদ প্রায় ৪৯ হাজার টাকা লুটে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

বর্তমানে আহত চেয়ারম্যান দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত চেয়ারম্যান বলেন, আমি সরকারি কাজ শেষে তালিকা জমা দিতে যাচ্ছিলাম। পথে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়ে সব ছিনিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, চেয়ারম্যানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top