নিজস্ব প্রতিবেদক, সিলেট:সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) অঞ্চলকে আধুনিক ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। শনিবার (৭ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার সিলাম ও লালাবাজার ইউনিয়নে আয়োজিত বিশাল জনসভা ও পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

কৃষক ও সাধারণ মানুষের জন্য ‘মাস্টারপ্ল্যান’
নির্বাচনী প্রচারণায় এম এ মালিক বিএনপির আগামীর উন্নয়ন ভাবনা তুলে ধরে বেশ কিছু জনকল্যাণমুখী ঘোষণা দেন,বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করা হবে। কৃষি কার্ডধারীরা কোনো সুপারিশ ছাড়াই ঋণ পাবেন। এছাড়া ট্রাক্টর বা আধুনিক যন্ত্রপাতি কিনতে ব্যাংক থেকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে।
প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসিক ভিত্তিতে নগদ আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ কার্ডের মাধ্যমে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা ব্যক্ত করেন।
এদিন সকালে মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন এম এ মালিক। এরপর সিলাম ইউনিয়নে পথসভা ও আলোচনা সভা শেষে বিকেলে লালাবাজার ইউনিয়নে এক বিশাল জনসভায় যোগ দেন।
জনসভায় তিনি বলেন,”আমি দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জকে সিলেটের অন্যতম সেরা অঞ্চলে পরিণত করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াই করব। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
নির্বাচন সামনে রেখে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। তিনি স্মরণ করিয়ে দেন যে, বিএনপি শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের রাজনীতিতে বিশ্বাসী।
উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মালেক মল্লিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন:
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী,
কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক ও জনপ্রিয় অভিনেতা হেলাল খান,
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
