প্র্যাবের নেতৃত্বে নতুন মুখ: সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন 'পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকস' (প্র্যাব)-এ নতুন নেতৃত্বের অভিষেক হয়েছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত প্রীতি সম্মেলনে সংগঠনটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। একইসঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলামকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন কমিটির এই নামগুলো ঘোষণা করেন।
২০১১ সালে প্রতিষ্ঠিত প্র্যাব দীর্ঘ সময় ধরে দেশের ব্যাংকিং খাতের ব্র্যান্ডিং ও কমিউনিকেশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কল্যাণে এবং সামাজিক নানা কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছে। সাধারণত ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি দুই বছরের মেয়াদে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমানে শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের প্রধানরা এই কমিটির বিভিন্ন দায়িত্বে রয়েছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে সংগঠনটির পূর্ণাঙ্গ ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো


