প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
চেক প্রজাতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নজিরবিহীন জনস্রোত মনের ভাব প্রকাশে অসুবিধা? সমস্যার সমাধানে জনপ্রিয় হচ্ছে ‘ফিলিং হুইল’ মেয়েদের বিয়ের বয়স ১৬, ছেলেদের ১৮ করার দাবি রাজশাহীর নিকাহ রেজিস্টারদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি-দাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে কর্তৃপক্ষ ইরাকে তেহরানপন্থি গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের সেনা মোতায়েন চেক প্রজাতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নজিরবিহীন জনস্রোত মনের ভাব প্রকাশে অসুবিধা? সমস্যার সমাধানে জনপ্রিয় হচ্ছে ‘ফিলিং হুইল’ মেয়েদের বিয়ের বয়স ১৬, ছেলেদের ১৮ করার দাবি রাজশাহীর নিকাহ রেজিস্টারদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি-দাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে কর্তৃপক্ষ ইরাকে তেহরানপন্থি গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের সেনা মোতায়েন
আন্তর্জাতিক

সৌদি আরবে কারখানায় ভয়াবহ আগুন: নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ আসছে শনিবার

October 30, 2026

Spread the love

মো: আল-মাহফুজ শাওন

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ দেশে ফিরছে আগামী শনিবার (৩১ অক্টোবর)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি মরদেহগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে এবং দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচজনের মধ্যে চারজন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।

ইউএনও আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের পর প্রথমে আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে আত্রাইয়ের ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। এর আগে আত্রাইয়ের ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল।

দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের মরদেহ দেশে ফেরার খবরে পরিবারগুলোতে একদিকে যেমন শেষবারের মতো প্রিয়জনকে দেখার অপেক্ষা তৈরি হয়েছে, অন্যদিকে প্রিয়জন হারানোর শোকও আরও গভীর হয়ে উঠেছে।