কানাডায় বড় ধরনের ভিসা জালিয়াতি: পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে দেশটির সীমান্তরক্ষী সংস্থা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। ২০৯ জন বাংলাদেশির জন্য ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার আবেদন জমা দেওয়ার সময় জাল নথিপত্র ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তকারীদের মতে, অভিযুক্তরা সুপরিকল্পিতভাবে একটি চক্র গড়ে তুলেছিলেন, যারা ভুয়া আমন্ত্রণের মাধ্যমে কানাডায় প্রবেশের সুযোগ করে দেওয়ার চেষ্টা চালিয়েছেন।
অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজন গত ২২ অক্টোবর কুইবেকের আদালতে হাজিরা দিয়েছেন। তবে পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশের অবস্থান করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সিবিএসএ জানায়, কুইবেক ও অন্টারিওতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারের মাধ্যমে এই জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। ভিসা আবেদনে তথ্য গোপন করা এবং অবৈধ প্রবেশের পরিকল্পনা করাসহ মোট তিনটি ধারায় তাদের অভিযুক্ত করা হয়েছে। কানাডার অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় এই অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: প্রথম আলো


