বাগমারায় আগুনে পুড়ে বিধবার বসতবাড়ি ছাই, পাশে দাঁড়ালেন ইউএনও
স্টাফ রিপোর্টার
সমিত রায়
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে রজুফা (৭৫) নামে এক বিধবা নারীর টিনশেড বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত ওই নারীর পাশে দাঁড়িয়ে নগদ অর্থ, ঢেউটিন, শুকনা খাবার ও কম্বলসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামের ঢাকের মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রজুফা ওই এলাকার মৃত বয়েনউদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে হঠাৎ রজুফার টিনশেড বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় দিন কাটানোর শঙ্কায় পড়েছেন ওই বিধবা।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি বিধবা রজুফার হাতে নগদ ১০ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার ও একটি কম্বল তুলে দেন। পাশাপাশি পরবর্তীতে তাঁর বসতবাড়ি নির্মাণের ব্যবস্থা গ্রহণ এবং ভোটার আইডি কার্ডের প্রয়োজনীয় সংশোধন করে দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
