ফেনীর সরকারি পুকুরে মিলল অর্ধগলিত মরদেহ

শুক্রবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠ সংলগ্ন শহীদ মিনারের পাশের একটি সরকারি পুকুরে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল শিশু পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে তাদের বলটি পানিতে পড়লে তা উদ্ধারের জন্য কচুরিপানা সরাতে গিয়ে তারা মরদেহটি দেখতে পায়।
শিশুদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং পুরো ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
সূত্র: প্রথম আলো
