রেফারিদের বৈষম্যের অভিযোগ তুলে অন্য কোচদের ভিডিও সংগ্রহ করছেন আরতেতা

মাঠের পাশে দাঁড়িয়ে উত্তেজনাপূর্ণ অঙ্গভঙ্গি এবং টেকনিক্যাল এরিয়ার সীমানা অতিক্রম করা মিকেল আরতেতার জন্য নতুন কিছু নয়। তবে এই স্বভাবের কারণে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ইতিমধ্যে দুইবার হলুদ কার্ডের মুখে পড়েছেন আর্সেনাল কোচ। নিয়ম অনুযায়ী, আর একবার কার্ড দেখলেই এক ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হবেন তিনি। বিষয়টিকে নিজের প্রতি রেফারিদের বাড়তি কঠোরতা হিসেবে দেখছেন আর্সেনাল বস।
এই পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণ করতে অভিনব পন্থা বেছে নিয়েছেন আরতেতা। তিনি দাবি করেছেন, অন্য কোচরাও একইভাবে টেকনিক্যাল এরিয়া ছেড়ে বেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এমনকি এক কোচ দশ মিনিটে ৩৬ বার এমন নিয়ম ভেঙেও পার পেয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি। এই বৈষম্যের প্রমাণ হিসেবে অন্য কোচদের নিয়ম ভঙ্গের ছবি ও ভিডিও ফুটেজের একটি বিশাল সংগ্রহ তৈরি করছেন স্প্যানিশ এই কোচ। যদিও আর্সেনালের জয়ের দিনে এমন পরিস্থিতিতে নিজেকে সামলানোর জন্য কৌশল খুঁজছেন তিনি।
সূত্র: প্রথম আলো


