সিঙ্গাপুরে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপনী ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম

সিঙ্গাপুরের টেরুসান রিক্রিয়েশন সেন্টারে গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে ‘মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্ট’। ওয়ানডারিং ডার্বিসেসের আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতায় সিঙ্গাপুরের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন কমিউনিটি নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং রানার্সআপ হয়েছে পেনজুরু ইলেভেন স্টার। বিজয়ী ও রানার্সআপ দলকে যথাক্রমে দুই হাজার ও এক হাজার সিঙ্গাপুরি ডলার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শন হুয়াং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
খেলার পাশাপাশি এই আয়োজনের একটি বড় অংশ জুড়ে ছিল প্রবাসীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা তৈরি করা। ‘মাদককে না বলুন’ স্লোগানকে সামনে রেখে বিশেষ বুথ স্থাপন, শিল্পকর্ম প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। মূলত কর্মব্যস্ত জীবনে মানসিক চাপ বা ভুল সঙ্গের প্রভাবে প্রবাসীরা যেন মাদকের দিকে ঝুঁকে না পড়েন, সে বিষয়ে সচেতন করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। টুর্নামেন্টে বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সহায়তায় দর্শকদের জন্য খাবার ও পানীয়ের সুব্যবস্থা ছিল এবং পুরো আয়োজনটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
সূত্র: প্রথম আলো


