নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসা নীতিতে চার বড় পরিবর্তন

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা বিধিনিষেধে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনাকালীন কাজের সুযোগ সীমিত করা হয়েছে। এখন থেকে তারা সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন, তবে ছুটির সময়ে পূর্ণকালীন কাজের সুযোগ বহাল থাকবে। আগে এ ক্ষেত্রে কাজের কোনো সীমাবদ্ধতা ছিল না। এছাড়া, ভিসার আবেদন অনুমোদনে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী ভিসার শর্তগুলো সঠিকভাবে পালন করতে পারবেন কি না, তা যাচাইয়ের মাপকাঠি হিসেবে এখন থেকে ইংরেজি ভাষাগত জ্ঞানকে বিবেচনায় নেওয়া হবে।
তালিকায় থাকা অন্য পরিবর্তনের মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত কড়াকড়ি। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে ইমিগ্রেশন নিউজিল্যান্ড এখন থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভিসার আবেদন স্থগিত রাখতে পারবে। পাশাপাশি, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত অবস্থানের মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার বিদ্যমান নিয়মটি অপরিবর্তিত থাকছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন নিয়মাবলি ভালোমতো জেনে নিয়ে সে অনুযায়ী পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে গবেষণারত শিক্ষার্থীদের কাজের সময়সীমা ও ভিসার মেয়াদ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
