ব্যাকরণের শৃঙ্খল ভেঙে গণ-পদত্যাগের ঘোষণা পাঁচ পদের

দীর্ঘদিন ধরে চলা চরম বৈষম্য ও শোষণের অভিযোগ তুলে বাংলা ব্যাকরণের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া পদের সমন্বয়ে গঠিত ‘আমরা খাঁটি আ-পদ’ নামের একটি সমিতি। নিজেদের প্রাপ্য মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত হওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা জানান। তাদের মতে, বাংলা ভাষার প্রতিটি বাক্যের ভার বহন করলেও মূল্যায়নের ক্ষেত্রে তারা বরাবরই কর্তৃপক্ষের উদাসীনতার শিকার হয়েছেন।
বিবৃতিতে পদেরা জানিয়েছেন, বিশেষ্য থেকে শুরু করে অনুসর্গ পর্যন্ত প্রতিটি শ্রেণিই নিজ নিজ জায়গায় অপমানের শিকার। কেউ নামের ভারে ন্যুব্জ, কেউ অন্যকে গুণান্বিত করতে নিজের সত্তা বিসর্জন দিচ্ছেন, আবার কাউকে সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে অন্যের জয়গান গাইতে হচ্ছে। সব মিলিয়ে দীর্ঘদিনের এই বঞ্চনা মেনে নিতে না পেরে তারা সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন। পদগুলোর স্পষ্ট ঘোষণা, এই সিদ্ধান্তের ফলে বাংলা ভাষার বাক্য গঠনে যে অচলাবস্থা তৈরি হবে, তার সব দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে। এখন থেকে বাক্যনির্মাণের এই মৌলিক কাঠামো আর আগের মতো কার্যকর থাকবে না বলেও তারা সতর্ক করেছেন।
সূত্র: প্রথম আলো
