মৃত্যুর পরও শরীরে সক্রিয় কোষ: বিজ্ঞানীদের নতুন অনুসন্ধান

মানুষের হৃৎপিণ্ড থেমে যাওয়া বা মৃত্যু মানেই শরীরের প্রতিটি কোষের তাৎক্ষণিক সমাপ্তি নয়। প্রথাগত ধারণার বাইরে গিয়ে সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা বলছে, মৃত্যুর পরও শরীরের অনেক কোষ ভিন্ন ভিন্ন গতিতে টিকে থাকে। গবেষকদের মতে, এটি অনেকটা বিদ্যুৎ চলে যাওয়ার পর কোনো শহরের জরুরি জেনারেটর বা ব্যাটারিতে কিছু বাতি জ্বলে থাকার মতো। বিশেষ করে স্টেম সেলগুলো দীর্ঘ সময় ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে এবং উপযুক্ত পরিবেশে নতুন কোষ তৈরিতেও সক্ষম হয়। ২০১২ সালে এক গবেষণায় দেখা গেছে, মৃত্যুর ১৭ দিন পরও মানুষের দেহ থেকে সংগৃহীত স্টেম সেল ল্যাবরেটরিতে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়েছে।
বিজ্ঞানীরা মৃত্যুর পরবর্তী এই অবস্থাকে 'মৃত্যুর গোধূলি' বা টোয়ালাইট অব ডেথ বলে অভিহিত করেছেন। কেবল কোষ টিকে থাকাই নয়, মৃত্যুর পর জিনের কার্যকলাপেও বিস্ময়কর পরিবর্তন আসে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, মৃত্যুর পরও শরীরের অনেক জিন সক্রিয় হয়ে ওঠে এবং নির্দিষ্ট কিছু প্রোটিন তৈরির প্রক্রিয়া সচল থাকে। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে অঙ্গ প্রতিস্থাপন, স্টেম সেল থেরাপি এবং ফরেনসিক তদন্তে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। যদিও বিষয়টি এখনো প্রাথমিক গবেষণার পর্যায়ে রয়েছে, তবুও জীবন ও মৃত্যুর মধ্যকার এই জটিল সীমানা আমাদের প্রচলিত চিন্তাধারাকে নতুন করে ভাবাচ্ছে।
সূত্র: প্রথম আলো
