সারা দেশে পাসের হার কমলেও ব্যতিক্রমী সাফল্যের নজির গড়ল রাজধানীর এক কলেজ

এবারের এইচএসসি পরীক্ষায় দেশজুড়ে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হারের এই কঠিন সময়েও চমকপ্রদ ফলাফল করেছে রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৩১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা কুমিল্লা শিক্ষা বোর্ডের মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার প্রায় সমান। কলেজটিতে পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। প্রতিষ্ঠানটির মোট ৩ হাজার ১৫৬ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র চারজন সব পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এমন সাফল্যে কলেজ ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, নিয়মিত পড়াশোনা, কঠোর নিয়মানুবর্তিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত রূপই এই ফলাফল। শিক্ষার্থীদের দাবি, শ্রেণিকক্ষেই পাঠ্য বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার ফলে তাদের প্রস্তুতি সহজ হয়েছে। অন্যদিকে, কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা জানান, দীর্ঘদিনের পরিকল্পিত পাঠপরিকল্পনা ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়ার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা এই কলেজটি আজ ঢাকা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
সূত্র: প্রথম আলো
