২৮ বছরের পথচলা শেষে বন্ধ হলো কর্ণফুলী গার্ডেন সিটি

রাজধানীর কাকরাইলের জনপ্রিয় শপিং মল ‘কর্ণফুলী গার্ডেন সিটি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা বন্ধ করেছে। গত ১ অক্টোবর থেকে দোকান মালিক সমিতির সিদ্ধান্তে মলটি চিরতরে বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৯৯৮ সালে চালু হওয়া ২০ তলা বিশিষ্ট এই ভবনটির বেজমেন্ট ও চারতলা জুড়ে গড়ে উঠেছিল তৎকালীন সময়ের অন্যতম আধুনিক এই শপিং কমপ্লেক্স। সে সময় ক্যাপসুল লিফট, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সমারোহ থাকায় এটি ক্রেতাদের কাছে দারুণ জনপ্রিয় ছিল। তবে দীর্ঘ ২৮ বছর পেরিয়ে আসলেও গত এক দশকে নানা প্রতিকূলতায় জৌলুস হারিয়ে ফেলে মার্কেটটি।
উড়ালসড়ক নির্মাণজনিত যানজট, মহামারি এবং নতুন নতুন শপিং মলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ধীরে ধীরে ক্রেতাশূন্য হয়ে পড়ে এটি। সর্বশেষ ২৫টি দোকান নিয়ে কোনোমতে কার্যক্রম চললেও শেষ পর্যন্ত মালিকপক্ষ মার্কেটটি বন্ধের সিদ্ধান্ত নেয়। এখন জায়গাটি বিক্রির প্রক্রিয়া চলছে। মলটি বন্ধের খবরে স্মৃতিচারণায় মেতেছেন অনেকে; বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের কাছে এটি ছিল নতুন পোশাক ও পছন্দের ব্যাগ কেনার অন্যতম প্রিয় গন্তব্য। কালের পরিক্রমায় ও আধুনিক চাহিদার সঙ্গে তাল মেলাতে না পেরে অবশেষে বন্ধ হয়ে গেল এক সময়ের এই জনবহুল বিপণিবিতান।
সূত্র: প্রথম আলো
