জনতার দ্বারে দ্বারে চেয়ারম্যান পদপ্রার্থী রাজ্জাক মণ্ডল: আওলাইয়ে বইছে নির্বাচনী হাওয়া
মোঃ আব্দুল মতিন প্রধান, জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে নির্বাচনী অঙ্গন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নটির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরেশোরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আওলাই ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল।
আজ সোমবার (৯ নভেম্বর) বাদ আসর তিনি জনবহুল আওলাই ইউনিয়নের রাইগাম বাজারে আসেন। এ সময় তিনি বাজারের প্রতিটি দোকানপাটে গিয়ে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কোশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি, নিজের পক্ষে সমর্থন চেয়ে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন। তার এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন— ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাস্টার, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মাস্টারসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, “আমি অতীতেও আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও আওলাই ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।”
স্থানীয় কিছু নেতৃবৃন্দ বলেন, আব্দুর রাজ্জাক মন্ডল একজন সৎ, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। অতীতে চেয়ারম্যান থাকাকালীন তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা এলাকার সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান এবং নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম আরও বহুগুণে জোরদার করার প্রতিশ্রুতি দেন।


