কর্মচাঞ্চল্যে মুখর খুলনার ডুমুরিয়া পাইকারি সবজির বাজার

খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষিভিত্তিক জনপদ এখন প্রতিদিনের কর্মব্যস্ততায় সরগরম। ভোর হতে না হতেই ঘেরের পাশের খেত থেকে সংগৃহীত হরেক রকম তাজা সবজি আসতে থাকে স্থানীয় পাইকারি বাজারে। কৃষক, ব্যবসায়ী ও আড়তদারদের পদচারণায় মুহূর্তেই প্রাণ ফিরে পায় এই আড়ত। এখানকার উৎপাদিত পণ্য শুধু স্থানীয় চাহিদা মেটাচ্ছে না, বরং ট্রাক ও বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের অন্যান্য প্রান্তে পৌঁছে যাচ্ছে নিয়মিত।
বাজারজুড়ে এখন হরেক রকমের সবজির সমাহার। আড়তগুলোতে সারি বেঁধে সাজানো রয়েছে পেঁপে, কাঁকরোল, করলা, বেগুন ও মিষ্টিকুমড়াসহ নানা জাতের ফসল। শ্রমিকেরা দ্রুত পণ্য খালাস করছেন, আর পাইকাররা মান যাচাই করে কিনে নিচ্ছেন তাদের প্রয়োজনীয় সবজি। কোথাও পালংশাকের আঁটি গোছানো হচ্ছে, আবার কোথাও নতুন মৌসুমের শিম দেখে ক্রেতাদের ভিড় বাড়ছে। সব মিলিয়ে কৃষিপণ্যের কেনাবেচা, আকার অনুযায়ী সবজি বাছাই ও পরিবহনের তাড়ায় এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে ডুমুরিয়ার এই পাইকারি বাজারে।
সূত্র: প্রথম আলো
