
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের গাছা থানার হান্নান ফেন্সি রোড এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একদল কিশোর প্রায় প্রতিদিনই রাস্তায় জটলা করে পথচারীদের অস্বস্তিতে ফেলছে। শুধু তাই নয়, মাঝেমধ্যে ছিনতাই, মারামারি ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এসব কিশোরের উপস্থিতি আরও বেশি চোখে পড়ে। ফলে সাধারণ পথচারী, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা বেশি আতঙ্কের মধ্যে রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, কিশোররা দলবদ্ধভাবে ঘোরাফেরা করে এবং কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি প্রদর্শন করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই নিরাপত্তার স্বার্থে ওই সড়ক ব্যবহার এড়িয়ে চলছেন।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং সাধারণ মানুষের চলাচল নিরাপদ হয়।
