রাসিকের ইতিহাসে প্রথম, প্রধানমন্ত্রীর ঈদ উপহারে পরিচ্ছন্নকর্মীদের চোখেমুখে খুশির ঝিলিক

Spread the love

মোঃ জাকির হোসেনঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নকর্মীদের শ্রমের স্বীকৃতি ও ঈদ আনন্দ ভাগ করে নিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সিটি করপোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মী এই সরাসরি আর্থিক সহায়তা পেলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে যারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করেন, সেই পরিচ্ছন্নকর্মীদের মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অতীতে কোনো সরকার এভাবে তৃণমূলের পরিচ্ছন্নকর্মীদের কথা ভাবেনি। প্রধানমন্ত্রী আমাকে এই নগরীর দায়িত্ব দিয়ে খালি হাতে পাঠাননি, তিনি কর্মীদের জন্য ভালোবাসার উপহার পাঠিয়েছেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী রাজশাহীকে একটি আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করে যাচ্ছে।

প্রশাসক রিটন তার বক্তব্যে সরকারের সাম্প্রতিক নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির উন্নয়নে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, আর আজ প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় খাল পুনঃখনন কর্মসূচি চালু করেছেন। ভোটের কালির দাগ শুকানোর আগেই তিনি ফ্যামিলি কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। আগামী পাঁচ বছরে ৫ কোটি মানুষকে এই সুবিধার আওতায় আনা হবে।” এছাড়াও ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা প্রদানের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর এই অভাবনীয় উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কর্মীরা। দীর্ঘদিনের কর্মী রাজিবুল ইসলাম বলেন, “এত বছরের চাকরি জীবনে কোনোদিন কল্পনাও করিনি যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি ঈদ উপহার পাব। এই ৫ হাজার টাকা আমাদের মতো সাধারণ কর্মীদের জন্য অনেক বড় পাওয়া।”

আরেক কর্মী মরিয়ম বেগম বলেন, “ঈদের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। ছেলেমেয়েদের নতুন কাপড় আর ভালো খাবারের ব্যবস্থা কীভাবে হবে তা বুঝতে পারছিলাম না। প্রধানমন্ত্রীর এই উপহার আমার সেই দুশ্চিন্তা দূর করে দিয়েছে।”

রাসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিক সচিব সোহেল রানা, এবং ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তা নয়, বরং মেহনতি মানুষের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের একটি বহিঃপ্রকাশ। আগামীতে রাজশাহীকে আরও সুন্দর, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নকর্মীদের এই উৎসাহ বড় ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top