
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারাগারে থাকা স্বামীকে রিমান্ডে মারধর করা হচ্ছে—এমন ভয় দেখিয়ে এবং ডিবির ভুয়া পরিচয় দিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক দুর্ধর্ষ প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (৫১)।
ঘটনার সূত্রপাত হয় গত ৫ এপ্রিল। ভুক্তভোগী নারী জানান, তার স্বামী বিল্লাল হোসেন মোল্লা বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দী। ঘটনার দিন সকালে তাদের ব্যক্তিগত চালকের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে ফোন করে। পরে ভুক্তভোগী নারী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারকরা নিজেদের ডিবি কর্মকর্তা দাবি করে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে প্রচণ্ড মারধর করা হচ্ছে।
প্রতারকরা এতটাই ধূর্ত ছিল যে, ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য তার স্বামীর কণ্ঠস্বর নকল করে কান্নাকাটি করার নাটক সাজায়। স্বামীর বিপদের কথা ভেবে আতঙ্কিত ওই নারী দ্রুত আত্মীয়-স্বজনের কাছ থেকে ১০ লাখ টাকা জোগাড় করেন।
প্রতারকদের নির্দেশনা অনুযায়ী, ভুক্তভোগী প্রথমে মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে যান। সেখান থেকে তাকে বলা হয় এসএ পরিবহনের মাধ্যমে ‘লুৎফর জামান’ নামের এক ব্যক্তির ঠিকানায় যাত্রাবাড়ী শাখায় টাকা পাঠাতে। ১০ লাখ টাকা মানি পার্সেল করার পর তাকে বলা হয় কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে নিয়ে আসতে। কিন্তু উত্তরা পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি একটি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন।
পরে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে নড়েচড়ে বসে ডিবি ওয়ারী বিভাগ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানার জনসন রোড এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা জাবেদ হোসেনকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল।
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে বিভ্রান্ত না হয়ে দ্রুত নিকটস্থ থানা বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ।
