‘আজ একটি গাছ, আগামীর হাজারো প্রাণ’—দুর্গাপুরে নিবন্ধিত সংস্থাগুলোর ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,রাজশাহীঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহীর দুর্গাপুরে শুরু হয়েছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি। সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত একাধিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বেড়া গ্রামের সড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দুপুর ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম. রাকিবুল ইউসুফ। তিনি সুপারি গাছের চারা এবং অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক মো. রবিউল ইসলাম জামগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ২ হাজারটি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি প্রতিটি চারার পরিচর্যা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
যৌথভাবে কর্মসূচির আয়োজন করে অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, কুশাডাঙ্গা মানব উন্নয়ন সংস্থা, নির্ভয় সেবা উন্নয়ন সংস্থা, পথচলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ড্যাফোডিল দুঃস্থ প্রতিবন্ধী ও নৃ-গোষ্ঠী উন্নয়ন সংস্থা, আলিপুর প্রত্যাশা সংগঠন এবং আলিপুর এলএসপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম. রাকিবুল ইউসুফ বলেন,
“বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রতীক। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। আজকের একটি চারা আগামী দিনে মানুষকে ছায়া, অক্সিজেন ও সুস্থ পরিবেশ উপহার দেবে। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক মো. রবিউল ইসলাম বলেন,
“সমাজসেবামূলক কর্মকাণ্ড শুধু আর্থিক সহায়তা বা কর্মসংস্থানের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবেশ রক্ষা ও সবুজায়নও সামাজিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্যোগের মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশাডাঙ্গা মানব উন্নয়ন সংস্থার শফিকুল ইসলাম স্বপন, নির্ভয় সেবা উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল আওয়াল, ড্যাফোডিলের পরিচালক কাওসার আহমেদ, আলিপুর এলএসপির পরিচালক, বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহাবুবা খাতুন, সহকারী শিক্ষক আব্দুল ওহাব, শামিম রেজা, জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই পরিবেশ রক্ষায় প্রতি বছর অন্তত দুটি করে গাছ রোপণ এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকদের বিশ্বাস, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


