
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ১০ মার্চ ২০২৬
রাজশাহীর চারঘাটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক আন্তরিক মিলনমেলা ও ইফতার মাহফিল। এ উপলক্ষে সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানও আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে চারঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চারঘাট থানা প্রেসক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সনি আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তাফা মামুন বলেন, সাংবাদিকতা অত্যন্ত দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ একটি পেশা। সমাজের সমস্যা, সম্ভাবনা এবং বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী এবং চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।
এছাড়া চারঘাট থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, যুগ্ম সম্পাদক সজিব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, প্রচার সম্পাদক পিন্টু আলীসহ সদস্য সাজ্জাত হোসেন, ইশতিয়াক বাপ্পি, জিল্লুর রহমান, রিমন এবং চারঘাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চারঘাট-বাঘার কৃতী সন্তান সাংবাদিক মো. গোলাম মোস্তাফা মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে সাংবাদিকতা পেশায় চার দশক পূর্তি উপলক্ষে চারঘাটের প্রথম সাংবাদিক এবং প্রথম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হককেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র জনগণের সামনে তুলে ধরা সম্ভব। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
