জয়পুরহাটে পথ হারানো শিশু নিরব উদ্ধার, স্বজনদের হাতে হস্তান্তর
মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল মডার্ন কেজি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ১১ বছর বয়সী মোঃ আজমির হাসান (নিরব) পথ হারিয়ে পাঁচবিবি উপজেলার পাগলা বাজার এলাকায় চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু নিরব জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার বড় তাজপুর গ্রামের বিশিষ্ট দম্পতি মোঃ আলাল হোসেন ও মোসাম্মত নারগিস আক্তারের আদরের সন্তান।
ঘটনার বিবরণে জানা যায়, ১ নভেম্বর দুপুর ১:৩০ মিনিটের দিকে ফুচকা খাওয়ার কথা বলে বাসা থেকে নিজের ছোট সাইকেলটি নিয়ে বের হয় নিরব। এরপর ভুলবশত পথ হারিয়ে সে পাঁচবিবি উপজেলার পাগলা বাজার এলাকায় চলে যায়।
এদিকে দুপুর দুইটার পর থেকে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় পড়েন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালাতে থাকেন। কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবারে উদ্বেগ আরও বেড়ে যায়।
অন্যদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে শিশু নিরব নিজের বাড়ির পথ খুঁজে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে ও অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। ঠিক সে সময় পাগলা বাজার সংলগ্ন জাতাইর গ্রামের অভ্যন্তরে শিশুটিকে একা ও অসহায় অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দা, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ফিরোজ হোসেন ও মোহাম্মদ আব্দুল মোমিন। তারা তাৎক্ষণিকভাবে শিশুটির কাছে এগিয়ে যান এবং তাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় শিশুটি তার বাবার মোবাইল নম্বরটি সঠিকভাবে বলতে সক্ষম হয়।
পরবর্তীতে স্থানীয় মোঃ আব্দুল মোমিন ও গ্রামের বাসিন্দারা ওই নম্বরে যোগাযোগ করে নিরবের বিষয়টি জানালে তার বাবা আলাল হোসেন বলেন নিরব আমার সন্তান।নিখোঁজ সন্তানের সংবাদ পেয়ে স্বজনরা দ্রুত পাগলা বাজারে ছুটে আসেন। পরে সন্ধ্যার ঠিক পূর্বমুহূর্তে সংশ্লিষ্ট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ একরামুল হক তাওহীদ চৌধুরী এবং সাংবাদিক মোঃ আব্দুল মতিন প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিশুটিকে তার বাবা ও চাচার হাতে নিরাপদে হস্তান্তর করা হয়।
প্রিয় সন্তানকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে শিশুটির পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। একই সাথে তারা শিশুটিকে উদ্ধারকারী স্থানীয় সচেতন নাগরিক, জনপ্রতিনিধি এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
