দুর্গাপুরের দেলুয়াবাড়ী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের মতবিনিময় সভা
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ইউপি সদস্য মো. আবু বকর সিদ্দিক স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচুবাড়ী বাজারে তার নিজ চেম্বারে আয়োজিত চা-চক্র ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মো. আবু বকর সিদ্দিক পাঁচুবাড়ী গ্রামের মৃত আবু সাইদ মিয়ার ছেলে। তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, সাবেক যুবদল সাংগঠনিক সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময় সভায় আবু বকর সিদ্দিক বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপি যাকে সমর্থন দেবে, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সাংগঠনিকভাবে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং উন্নত দেশ গড়তে সুস্থ ধারার রাজনীতি প্রয়োজন। একই সঙ্গে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায় এবং সুন্দর ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় তিনি জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আবু বকর সিদ্দিক বলেন, “দল-মত নির্বিশেষে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের মানুষের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে এলাকার উন্নয়নে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
তিনি আশা প্রকাশ করেন, ইউনিয়নের সাধারণ মানুষ তাকে সমর্থন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেবেন।
সভায় স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার ক্ষেত্রে একজন সমাজসেবকের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিপদে-আপদে এবং সুখে-দুঃখে আবু বকর সিদ্দিককে তারা পাশে পেয়েছেন। ভবিষ্যতেও তাকে সমাজসেবক হিসেবে মানুষের পাশে দেখতে চান তারা।
মতবিনিময় সভায় ইউনিয়ন পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, সম্ভাব্য প্রার্থী, নির্বাচনী প্রস্তুতি এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়।
জহিরুল ইসলাম, সাবেক সভাপতি, ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়ন যুবদলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি আব্দুল মান্নান, ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য শহিদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাইফুল ইসলামসহ মগজেদ, মোতালেব, ফরহাদ, রহিদুল, মন্তাজ, আলমগীর ও রেজাউল করিম।
সভায় ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
